print news || Dailydeshsomoy

ধর্ম,
উপমহাদেশের বিখ্যাত ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিল। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই তিনি দ্বীনি দাওয়াতের পরিচিত মুখ। গত ১৩ ডিসেম্বর তিনি মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

আলহামদুলিল্লাহ! মহামারি করোনা থেকে সুস্থতা লাভ করে তিনি ২৩ ডিসেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন। মহামারি করোনা থেকে সুস্থতা লাভের পর ২৪ ডিসেম্বর এক ভিডিও বার্তায় মহামারি করোনা থেকে মুক্ত থাকতে কিছু দিকনির্দেশনা তুলে ধরেন। ভিডিও বার্তায় তিনি বলেন-

‘করোনাভাইরাস একটি মহামারি। একটি বিপদ। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এ ভাইরাসকে কেউ অবহেলা না করি। মাস্ক ব্যতিত কেউ বাহিরে বের না হই। যথাযথ দূরত্ব বজায় রেখে চলি। এটি বয়স্ক ব্যক্তিদের খুব বেশি আক্রমণ করে বসে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের (জনগণ) কাছে আমার অনুরোধ, আপনারা করোনাভাইরাস সম্পর্কে যথাযথ সতর্কতা অবলম্বন করুন। কারণ জীবনের হেফাজত করা মানুষের জন্য ফরজ কাজ।

পাকিস্তানের বিখ্যাত ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিল তার এ ভিডিও বার্তাটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন। সেখানে তিনি আরও বলেন-
‘আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (মাহামারিতে) সতর্কতা অবলম্বনের জন্য বলেছেন। এ বিষয়ে একটি ঘটনা উল্লেখ করে মাওলানা তারিক জামিল বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে খেজুর রাখা ছিলো। হজরত আলি রাদিয়াল্লাহু আনহু খাওয়ার জন্য হাত বাড়িয়েছেন। তিনি বলেলেন, হে আলি! তুমি খেয়ো না। এখন তুমি দূর্বল।’

মহামারিতে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সতর্কতা অবলম্বনের কথা বলেছেন, তখন সবার উচিত, মহামারি করোনা থেকে মুক্ত থাকতে সতর্কতা অবলম্বন করা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক ব্যবহার করা। দূরত্ব বজায় রাখা।

আল্লাহ তাআলা বিশ্বব্যাপী সবাইকে মহামারি করোনা থেকে হেফাজত করুন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার তাওফিক দান করুন। আমিন।