
প্রকাশিত
আইনাল ইসলাম,।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬।
বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে। এ সময় ভক্তদের মধ্যে আনন্দ, আবেগ ও বিদায়ের বিষাদমিশ্রিত পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে বিহিত পূজা শেষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয় দেবী দুর্গাকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা।
শেষবারের মতো দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া হয়।
উপজেলার ব্রহ্মপুত্র নদে অধিকাংশ পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়ে শেষ হয় এ বছরের শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নদীতীর ও সংশ্লিষ্ট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
হিন্দু ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন ঘটে গজে (হাতি) এবং গমন হয় দোলায় (পালকি)। দুর্গোৎসবের শেষ দিনে দেবীকে বিদায় জানাতে পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দুর্গোৎসবের দিনগুলোতে পূজা-অর্চনা, প্রার্থনা ও নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠেন ভক্তরা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সেই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
গফরগাঁওয়ে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।



