print news || Dailydeshsomoy

প্রকাশিত

নোমান আহমেদ(কোম্পানীগঞ্জ) সিলেটঃ

-সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল বাজার সংলগ্ন এলাকায় ডাকাতদের বাঁধা রশির ফাঁদে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ(২০)নামের এক যুবক নিহত হয়েছেন। মটরসাইকেলে থাকা আরো ২জন গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার(১৭ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ঘটে এই ঘটনা।

মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ওই যুবক সবুজ আহমদ (২০)। তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।এ ঘটনায় আহত অন্য দুইজন হচ্ছেন কলাবাড়ি গ্রামের নেছারুল্লাহর ছেলে সুমন (২৩),বুড়দেও গ্রামের মানিক মিয়ার ছেলে মাহদী (১৮)। মাহদীর অবস্থা এখনো আশঙ্কাজনক। আহত দুইজনকে সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্বজনরা জানিয়েছেন-নিহত সবুজের পাড়ুয়া মিলেনিয়াম পাম্পের সামনে একটি দোকান ছিল। সে সেখানে কাজ করতো।

নিহত ও আহতদের পরিবার সূত্র জানায়,সবুজ আহমদ তার বন্ধু সুমনকে নিয়ে মটরসাইকেল যোগে সন্ধ্যার পর সিলেটে শহরে গিয়েছিল। সিলেট থেকে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল বাজার সংলগ্ন ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।মোটরসাইকেলে তারা ৩ জন কাঠাখাল ব্রিজ পার হয়ে কাঠাখাল দ্বিতীয় ব্রিজে আসামাত্র আগে থেকে ডাকাতদের ফাঁদ পাতা রশিতে বাঁধা পড়ে দুর্ঘটনার শিকার হন। এসময় ব্রিজের দু-পাশে বাঁধা রশি মোটরসাইকেল চালক সবুজের গলায় আটকা পড়লে তিন জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই সবুজ মারা যান।তার সাথে থাকা অন্য দুইজন গুরুতর আহত হন।এরপর পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বহুদিন ধরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের সুন্দ্রগাঁও ব্রিজ থেকে কোম্পানীগঞ্জ হাবির দোকান পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে। এই এলাকায় ডাকাতি প্রতিরোধ করতে রাতে পুলিশের একটি বিশেষ টিম ডিউটি পালন করেন। পুলিশের ডিউটি থাকাকালীন সময়ে ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে হাইটেক পার্ক এলাকায় ডিউটি করছিলেন কোম্পানীগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স। ওই দিন রাত ১টার দিকে তারা হাইটেক পার্কের সামনে চেকপোস্টের ডিউটি করছিলেন।

এমন সময় ডিউটি পুলিশ হতে প্রায় ৬শ’ গজ দূরত্বে থাকা কাঠাখাল দ্বিতীয় ব্রিজে ডাকাতরা রশি বেঁধে ডাকাতির ফাঁদ পাতে। পুলিশের চেকপোস্ট পাড়ি দিয়ে এই ফাঁদে পড়ে মারা যান সবুজ এবং আহত হন আরো ২জন।এর আগে,চলতি বছরে এরকম রশি বেঁধে ডাকাতির ঘটনা এই রোডে বেশ কয়েকবার ঘটেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে আমাদের ২টি টহল টিম ছিল। ডাকাতরা খুবই সতর্কতার সহিত সুযোগ বুঝে এই কাজটি করে। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। এর সাথে কারা জড়িত তাদের বের করার চেষ্টা করছি। নিহত সবুজের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবার মামলা দায়ের করবে বলে জানিয়েছে। আমরাও আমাদের আইনি কার্যক্রম অব্যহত রেখেছি।