print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 

গোপালগঞ্জে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’। শুক্রবার (১ মে) জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। রঙিন ব্যানার-ফেস্টুনে সাজানো র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারেক সুলতান। সভায় বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, কর্মস্থলের নিরাপত্তা, ন্যায্য মজুরি এবং পেশাগত অধিকার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক বাদল সাহা ও ফরিদ আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ. এম. শাহাদাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রম পরিদর্শক ইখতেখারুল কবীর।

আলোচনায় অংশ নিয়ে শ্রমিক প্রতিনিধিরা তাদের কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকি, নিরাপত্তা ঘাটতি ও ন্যায্য মজুরি নিশ্চিতের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, টেকসই শিল্পায়নের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি, আর সে লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগই পারে ইতিবাচক পরিবর্তন আনতে।