
ছাত্রলীগ-যুবলীগ নারীর ওপর নির্যাতন ও নারীর সম্ভ্রমহানি করাকে নিজেদের অধিকার মনে করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘নারী নির্যাতন করায় গত পরশু দিন ঢাকায় ছাত্রলীগের মহানগরের সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এত ঘটনার পরও গতকাল আবারও সিলেটে আরেক নারীকে লাঞ্ছনা করা হয়েছে। কে করেছে? ছাত্রলীগের কর্মী করেছে। তার মানে, নারী নিপীড়ন-ধর্ষণে তারা অতীতের চেয়েও এখন আরো বেশি উদ্বুদ্ধ, অনুপ্রাণিত। দেশ থেকে টাকা পাচার করাটাও নিজেদের অধিকার মনে করছে ছাত্রলীগ-যুবলীগ।’
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববার (৪ অক্টোবর) মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ‘সারাদেশে নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।


