
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
“মা, তুমি ফিরে আসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না”—রাত গভীর হলেই মায়ের জন্য সন্তানের এমন হৃদয়বিদারক কান্নায় ভারী হয়ে উঠছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর এলাকার পরিবেশ। মায়ের অপেক্ষায় থাকা এক ছেলে ও এক মেয়ের আকুতি নাড়া দিয়েছে স্থানীয়দের হৃদয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা মোসা. ফাতিমা বেগম। তার স্বামী নেছার প্যাদা। তাদের এক ছেলে ও এক মেয়ে। গত ১৯ জুলাই ফাতিমা বেগম বাসা থেকে চলে যাওয়ার পর থেকে সন্তানরা মায়ের অপেক্ষায় রয়েছে।
স্বজনদের ভাষ্য, রাত গভীর হলে মাকে খুঁজতে গিয়ে সন্তানরা কান্নায় ভেঙে পড়ে। বারবার তারা বলে, “মা, তুমি চলে আসো, আমাদের কাছে ফিরে আসো।” মায়ের অনুপস্থিতি যেন তাদের ছোট্ট জীবনে গভীর শূন্যতা তৈরি করেছে।
একজন সন্তানের কাছে মা শুধু অভিভাবক নন, মা তার নিরাপদ আশ্রয়, ভালোবাসা ও ভরসার জায়গা। তাই মায়ের অনুপস্থিতিতে সন্তানদের এমন আকুতি ও কান্নার দৃশ্য স্থানীয়দেরও আবেগাপ্লুত করে তুলেছে।
স্থানীয়রা জানান, বিষয়টি অত্যন্ত মানবিক। সন্তানদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ফাতিমা বেগমের সন্ধান ও পরিবারের সঙ্গে পুনর্মিলনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
সন্তানদের একটাই আকুতি—“মা, তুমি ফিরে আসো। আমরা তোমার অপেক্ষায় আছি।”
ফাতিমা বেগমের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানানো হয়েছে।



