
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাংগা ইউনিয়ন পরিষদ চত্বরে ভূমি অফিসের সেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিকদের অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এ সভা ও গণশুনানির আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. একরামুল হক নাহিদ।
এ সময় টিআইবি ও সনাকের সদস্যবৃন্দসহ স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।
সভায় ভূমি সেবার বিভিন্ন দিক, অনলাইনে সেবা গ্রহণের পদ্ধতি, নির্ধারিত সরকারি ফি পরিশোধ এবং সেবাগ্রহীতাদের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. একরামুল হক নাহিদ বলেন, “বর্তমানে ভূমি সেবার অধিকাংশ কার্যক্রম অনলাইনের মাধ্যমে গ্রহণের সুযোগ রয়েছে। সেবাগ্রহীতারা অনলাইনে আবেদন করে সরকার নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে সেবা নিতে পারছেন। ভূমি অফিসে নগদ টাকা লেনদেনের প্রয়োজন নেই। ফলে অতিরিক্ত অর্থ লেনদেনের সুযোগ পরিহার করে নির্ধারিত ফি অনুযায়ী সেবা গ্রহণ করা সম্ভব।”তিনি আরও বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। সেবাগ্রহীতাদের নির্ধারিত সরকারি ফি সম্পর্কে সচেতন হতে হবে এবং সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অতিরিক্ত অর্থ দাবির ঘটনা ঘটলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে ভূমি অফিসের সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নাগরিকদের সচেতন অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। গণশুনানিতে নাগরিকদের ভূমি সেবা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়া হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সেবাগ্রহীতাদের অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।



