
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় নিষেধাজ্ঞার সময় বিক্রির উদ্দেশ্যে নেওয়া চন্দনা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার গুরিন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। জানা যায়, মাছ ব্যবসায়ী মো. ইছা ও আল আমিন ইঞ্জিনচালিত টমটমযোগে মাছগুলো গলাচিপায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিষয়টি পুলিশ ও উপজেলা মৎস্য অফিসকে জানানো হয়। পরে পুলিশ ও মৎস্য অফিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাছগুলো জব্দ করেন এবং ওই দুই মাছ ব্যবসায়ীকে আটক করেন। পরে জব্দ করা মাছ পরীক্ষা-নিরীক্ষা করে ইলিশ না হওয়ায় আটক দুই ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে, জব্দ করা চন্দনা মাছ বৃহস্পতিবার দুপুরে গলাচিপা থানা প্রাঙ্গণ থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, নিষেধাজ্ঞা চলাকালে মাছের অবৈধ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মাছ নষ্ট না করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে



