print news || Dailydeshsomoy

প্রকাশিত

লালমনিরহাটে ভুট্টা চত্বরের কাজ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।

সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা শহরের গুরুত্বপূর্ণ বিজিবি ক্যান্টিন মোড়ে নির্মাণাধীন ভুট্টা চত্বরের কাজ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে তিনি নির্মাণাধীন ভুট্টা চত্বরের কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি ও নির্মাণকাজের মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলে কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি।
জানা গেছে, লালমনিরহাট জেলা শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এই মোড়টি চারমুখী হওয়ায় দীর্ঘদিন ধরে এখানে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি ছিল। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ভুট্টা চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

পরিদর্শন শেষে একেএম মমিনুল হক নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কাজের গুণগত মান কোনোভাবেই ক্ষুণ্ন করা যাবে না। উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে হবে। কাজের মধ্যে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবি ক্যান্টিন মোড়টি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ভুট্টা চত্বর নির্মাণ সম্পন্ন হলে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।