print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।গফরগাঁও ময়মনসিংহ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল এবং র‌্যালির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) ময়মনসিংহ টাউন হল চত্বরে দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠা, গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা এবং দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিভিন্ন অবদানের বিষয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
এছাড়াও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. মোফাখখারুল ইসলাম রানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় ডা. মোফাখখারুল ইসলাম রানার নেতৃত্বে গফরগাঁও থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এবং জনকল্যাণমুখী রাজনীতির ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলেও তারা মন্তব্য করেন।