print news || Dailydeshsomoy

প্রকাশিত

আইনাল ইসলাম।

ময়মনসিংহে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারকি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসন ময়মনসিংহের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, জনসেবার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে মাঠ প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক করার উদ্যোগ অব্যাহত থাকবে।

সভায় বক্তারা জেলার বিভিন্ন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।