
প্রকাশিত,২৯, জানুয়ারি,২০২৩
হানিফ খান।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলামিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত আলামিন উপজেলার দত্তের বাজার ইউনিয়নের কন্যা মণ্ডল গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল পৌনে ১২টার দিকে ঢাকাগামী আন্ত নগর হাওর এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি শিলাসী এলাকা অতিক্রম করার সময় আলামিন নামের ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে জিআরপি ফাঁড়ি পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়নাল ইসলাম/দেশ সময়


