
প্রকাশিত,০৮, সেপ্টেম্বর,২০২২
স্টাফ রিপোর্টার/এস,এম,মিঠু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নারী সহ ৯ কৃষি শ্রমিক নিহত হয়েছে। এর মধ্যে পিতা-পুত্র ভাই রয়েছে।
নিহতরা হলেন উপজেলার শিপপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪) ও নদী(১০)। এতে আহত হয়েছে আরো ৬ জন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সবাই কৃষি শ্রমিক।
উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও জমিতে বপন করছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। সবাই মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে আশ্রয় নেয়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১ নারী সহ ৮জন নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৭জন। খবর পেয়ে উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আরো ১ জন মারা যায়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেন এবং নিহতদের মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করেন।


