
প্রকাশিত,২৯, আগষ্ট,২০২২
স্টাফ রিপোর্টার/এস,এম,মিঠু
বগুড়ায় গাড়ির ধাক্কায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আটটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত এএআইয়ের নাম বিকাশ চন্দ্র সরকার (৩৮)। তিনি কক্সবাজারে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামে। বিকাশ চন্দ্র আগে বগুড়ায় কর্মরত ছিলেন। সেই সুবাদে বিকাশের পরিবার বগুড়া শহরে থাকে।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকাশ একটি মামলায় সাক্ষ্য দিতে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলেন। আদালতে সাক্ষ্য দিয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশায় বগুড়ায় ফিরছিলেন। নওগাঁ-বগুড়া মহাসড়কের এরুলিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির কোনো একটি গাড়ি পেছন থেকে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বিকাশ অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বিকাশকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, ওই অটোরিকশাকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে, সেটা শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


