
প্রকাশিতঃ ১৭ জুন ২০২২
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় গুরুতর আহত সাংবাদিক মাহমুদুল হাসান রুবেল (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত মাহমুদুল হাসান দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বাগান এলাকার মো. নূর হোসেনের ছেলে।
শুক্রবার (১৭ জুন) ভোরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার চেলেরঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় গুরুতর আহত হন মাহমুদুল হাসান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। অবস্থার আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। শুক্রবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


