print news || Dailydeshsomoy

প্রকাশিত

এম এ সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা, পূজা-অর্চনা, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ঠাকুরগাঁও শাখার উদ্যোগে পৌর শহরের গোবিন্দনগর মন্দিরপাড়া এলাকার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ঠাকুরগাঁও ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, প্রফেসর মনোতোষ কুমার দে, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিংহসহ অন্যরা।

সভা শেষে জগন্নাথ মন্দির থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রথযাত্রা উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা, বিশেষ প্রার্থনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এদিকে একই দিনে ঠাকুরগাঁও সদর পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির এবং রাম মন্দির থেকেও পৃথক দুটি রথযাত্রা বের হয়। রথ দুটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ মন্দির প্রাঙ্গণে ফিরে এসে প্রথম দিনের রথযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।