
প্রকাশিত,২৮, জানুয়ারি,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, করোনাকালীন সময়ে আমাদের স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা দেশের জন্য নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাকালীন সময়ে ভ্যাকসিনেশন কার্যক্রম, লিফলেট বিতরণ,খাদ্য সামগ্রী বিতরণসহ, মানুষকে সচেতন করা আমাদের একার পক্ষে সম্ভব হতো না, যদি স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা নিজেদের জীবন বাজি রেখে এগিয়ে না আসতেন। তিনি আরো বলেন, রক্ত আমাদের শরীলে একটি গুরুত্বপূর্ণ উপাদান, এটির যদি সামান্য ঘাটতি হয় তাহলে মৃত্যু হতে পারে। সুতরাং এটির প্রতি আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও ডেঙ্গুর প্রতি সকলকে সচেতনতা করতে ও সকল স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় রক্তদাতাদের ডাটাবেজ তৈরি করার আহ্বান জানান তিনি। ‘মুমূর্ষু রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্ত দানে’ এই স্লোগান নিয়ে একদল তরুণ তরুনীর সমন্বয়ে গড়ে ওঠা ‘রক্তদানে আমরা ময়মনসিংহ’ স্বেচ্ছাসেবী সংগঠনটির ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
শুক্রবার সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আলী ইউসুফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোজাহিরুল ইসলাম শরীফ।আলোচনা সভায় ঘোষণা দেওয়া হয়, রক্তদাতা যদি মৃত্যু বরণ করেন তাহলে এ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে চাদর দেওয়া হবে এবং রক্তদাতা যতবার রক্ত দিয়ে মৃত্যু বরন করবেন, ততটি গোলাপ ফুল তার মৃত্যুর সময় দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। এ ঘোষণার পর উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারসহ এ সংগঠনের সদস্যবৃন্দ, ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকগণসহ প্রমুখ।অনুষ্ঠান শেষে ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


