
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়ন নিয়ে নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন হওয়ায় স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে এলাকায় আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
জানা গেছে, গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। অনুমোদন কার্যকর হলে ময়মনসিংহ জেলার বিদ্যমান ১৩টি উপজেলার সঙ্গে যুক্ত হবে নতুন ১৪তম উপজেলা।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী, যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার উদ্দিন, যুবদলের আহ্বায়ক সরদার মো. খুররমসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংসদ সদস্যের সহধর্মিণী শামীমা সুলতানাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “পাগলা থানা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি স্বতন্ত্র উপজেলা। নির্বাচনের আগে আমি এ দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। নিকার সভায় প্রস্তাব অনুমোদনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।”
তিনি আরও বলেন, “নতুন উপজেলা গঠনের পাশাপাশি এ অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহের সঙ্গে ফোর লেন সড়ক নির্মাণ, একাধিক ডাবল লেন সড়ক, আধুনিক হাসপাতাল, টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের প্রস্তাবও দেওয়া হয়েছে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলে নতুন উপজেলা অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করা হয়।



