
প্রকাশিতঃ ২৫ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
সাড়ে চার মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
১৪০ দিন কারাভোগের পর মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ১৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী কারা ফটকের সামনে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।
রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ কারামুক্তির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, রিজভীর বিরুদ্ধে ৫০টি মামলা ছিল। সব মামলায় তিনি আদালত থেকে জামিন পান। কারাগারে জামিননামা পৌঁছানোর পর আজ তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন।
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে রুহুল কবির রিজভীসহ চার শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
পরদিন ৮ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন।
এরই ধারাবাহিকায় তখন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এরমধ্যে পল্টন ও মতিঝিল থানার মামলায় গ্রেফতার দেখিয়ে রিজভীকে কারাগারে পাঠানো হয়। পরে আরও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
এদিকে আজ কারামুক্তির পর কারা ফটকের সামনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তার স্ত্রী আরজুমান আরা বেগম সেখানে উপস্থিত ছিলেন।


