print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

ঢাকা, ২ জুলাই ২০২৬: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি আগামী ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত তিন দিনের সরকারি সফরে পটুয়াখালী ও বরিশাল জেলায় অবস্থান করবেন।

সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, মতবিনিময় সভা, আর্থিক সহায়তা বিতরণ এবং সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩ জুলাই শুক্রবার সকালে প্রতিমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে পটুয়াখালীর দুমকীর উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুরে তিনি পীরতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। পরে বিকেলে দুমকী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

একই দিন সন্ধ্যায় তিনি গলাচিপা উপজেলা পরিষদ ডাকবাংলোয় পৌঁছে সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

৪ জুলাই শনিবার সকালে গলাচিপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করবেন প্রতিমন্ত্রী। এরপর তিনি দশমিনার বীজ বর্ধন খামার পরিদর্শন করবেন এবং সেখানেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করবেন। পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

৫ জুলাই রবিবার সকালে প্রতিমন্ত্রী দশমিনা থেকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) পরিদর্শন করবেন।

এরপর বরিশালে গিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ওয়েজ আর্নার্স সেন্টার পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরসূচি শেষে প্রতিমন্ত্রী সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত সাড়ে ১১টায় ঢাকাস্থ নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।