print news || Dailydeshsomoy

প্রকাশিত

শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও অতিরিক্ত বোঝাই (ওভারলোডেড) যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

১২ই মার্চ (বৃহস্পতিবার)
জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়ক দিয়ে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সঙ্গে সংযোগ রক্ষাকারী ছোটধলী ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশ্ববর্তী জেলা থেকে ছোট ফেনী নদীপথে বালু সরবরাহ ও পরিবহনের কারণে বর্তমানে সেতুটি ঝুঁকির মুখে রয়েছে। এতে স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এছাড়া চর এলাহী সংযোগ সড়কের বিভিন্ন পয়েন্ট থেকে বালু বোঝাই ভারী ট্রাক চলাচলের ফলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নোয়াখালী জেলার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলিত বালু সড়কের ধারে স্তূপ করা, সরবরাহ বা পরিবহন এবং সড়ক, মহাসড়ক, গ্রামীণ রাস্তা ও সেতুর ওপর দিয়ে ২২ টনের বেশি বোঝাই করা যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি এ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন বা ওভারলোডেড যানবাহনে বালু পরিবহন অব্যাহত রাখে, তাহলে তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।