
প্রকাশিত,৪, জুলাই,২০২১
এম এইচ লিপু মজুমদার ,ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরী (১৭) বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে লকডাউন এর চতুর্থ দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করে বাল্য বিয়ের ঘটনায় বর দেলোয়ার হোসেন (২২) কে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার বিকেল তিনটার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেবের তৎপরতায় ওই কিশোরী বাল্য বিয়ে থেকে রক্ষা পায়।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা ওই কিশোরীর (১৭) সঙ্গে একই উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার হোসেনের (২২) সঙ্গে আজ রোববার বিকেল চারটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেব বিবেল তিনটার দিকে থানা পুলিশ নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন।বাল্য বিয়ের আয়োজনের সত্যতা পেয়ে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বরকে ১০হাজার টাকা অর্থদণ্ড করেন। বাল্য বিয়ের কুফল ও রাস্ট্রীয় আইনে এ ধরণের বিয়ের কোনো স্বীকৃতি নেই, এমনটি বর, বরের বাবা ও কনের চাচাকে তিনি বুঝিয়ে বলেন। ১৮বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই কিশোরীর চাচা তাঁর ভাতিজিকে কোথাও বিয়ে দেবেন না এবং ১৮বছরের নীচে কোনো মেয়েকে বিয়ে নেওয়া হবে না বলে বর ও বরের বাবা লিখিতভাবে অঙ্গীকার করেন।
মো. আবু তালেব বলেন, বাল্য বিয়ে রোধে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর। বরের কাছ থেকে আদায়কৃত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


