print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, জানুয়ারি,২০২১

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা দায়ের হয়েছে।রবিবার বিকালে নিহত জয়ফলের ভাই মানিক মিয়া বাদী হয়ে জয়ফল বেগমের ছেলে জহুরুল চৌধুরী ও ছেলের বউ জেসমিন আক্তারসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, আটককৃত জয়ফলের ছেলে জহুরুল ও তার স্ত্রী জেসমিন আক্তারকে মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। রবিবার দুপুরে ময়নাতদন্তের পর মা-মেয়ের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম জানান, নিহত জয়ফল বেগমের ছেলে জহুরুল ও তার স্ত্রী জেসমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছিল। রাতভর জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা আশাবাদী, খুব দ্রুত জোড়া খুনের কিলিং মিশনে অংশ নেওয়াদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মামলার বাদী নিহত জয়ফল বেগমের ভাই মানিক মিয়া বলেন, আমার বোনের স্বামী আকমল চৌধুরীর মৃত্যুর পর তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে জয়ফল একই বাড়িতে বসবাস করতেন। তার তিন ছেলে জহুরুল চৌধুরী, মিলন চৌধুরী ও মিস্টার চৌধুরী ওমানে যায় জীবিকার তাগিদে। স্বপ্না আক্তার সাত বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে মায়ের সঙ্গে থাকতেন। সম্প্রতি জহুরুল ওমান থেকে দেশে ফিরে এসেছে। ঘটনার দুইদিন আগেও আমার বোনের সাথে তার ছেলের বউয়ের ঝগড়া হয়েছে বলে পাশের বাড়ির লোকজন জানিয়েছে।

তিনি আরও বলেন, পারিবারিক কলহে আমার বোন ও ভাগনিকে বটি দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপায় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য গলাকেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার বোন জয়ফল ও ভাগিনী স্বপ্নার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

জামালপুরের পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, মেলান্দহ গোবিন্দপুর দারোয়ানপাড়ার একটি ঘরের দুটি আলাদা কক্ষ থেকে মা-মেয়ের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এই জোড়া খুনের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। হত্যার প্রকৃত কারণ ও হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, জামালপুরের মেলান্দহ পৌর এলাকার গোবিন্দপুরের গাড়িয়ালপাড়া গ্রামে শনিবার (১ ডিসেম্বর) রাত ৮টায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে জয়ফল বেগম ও পাশের কক্ষ থেকে তার মেয়ে স্বপ্না চৌধুরীর গলাকাটা লাশ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ।