print news || Dailydeshsomoy

প্রকাশিত

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী খাদিজাতুল কোবরার মনোনয়নকে ঘিরে স্বজনপ্রীতি ও অনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। এ অভিযোগের কেন্দ্রে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার হোসেন।

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট তাদের ফেসবুক গ্রুপে একটি গোপন নথি পোস্ট করে, যেখানে খাদিজাতুল কোবরা ও ছাত্রদল নেতা শাহারিয়ার হোসেনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় বলে দাবি করা হয়েছে।

খাদিজাতুল কোবরা সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় ১৫ মাস কারাভোগের পর মুক্তি পান। বর্তমানে তিনি জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে, শাহারিয়ার হোসেনের অনুরোধেই খাদিজাতুল কোবরাকে জিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে। উল্লেখ্য, শাহারিয়ার হোসেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের ছোট ভাই। এ কারণে মনোনয়ন প্রক্রিয়ায় স্বজনপ্রীতির প্রশ্ন উঠেছে ছাত্রদলের ভেতরেই।

এদিকে খাদিজাতুল কোবরার রাজনৈতিক অতীত নিয়েও আলোচনা রয়েছে। অভিযোগ আছে, কারাবরণের আগে তিনি ছাত্রলীগের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। যে টকশোতে অংশ নেওয়ার সূত্রে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলা হয়, সেটিতে তিনি এক ছাত্রলীগ নেতার অনুরোধে অংশ নিয়েছিলেন বলেও দাবি উঠেছে।

নির্বাচনী প্রচারণা পর্যবেক্ষণ করে কয়েকজন শিক্ষার্থী জানান, খাদিজাতুল কোবরার প্রচারণায় প্রায় সবসময় যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার হোসেনকে পাশে দেখা যাচ্ছে, যা এসব গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।