
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।
রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের প্রস্তুতিকালে হঠাৎ বিকট শব্দ হয়। এর পরপরই ইঞ্জিনের পেছনে থাকা পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত বগিগুলো রেললাইনের ওপর ছড়িয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, “গফরগাঁও স্টেশনে প্রবেশের আগেই জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিগুলো দ্রুত সরিয়ে রেলপথ সচল করার চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী বিভিন্ন ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করতে পারছে না। ফলে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।



