print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৫, সেপ্টেম্বর,২০২২

মোঃ সেলিম উদ্দিন, কক্সবাজার।

“আসুন মানবতার প্রেমে নিজেকে বিলিয়ে দিই”- এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে উখিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন।

২০১৮ সালের ১০ আগস্ট ২০ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন প্রতিষ্ঠা করেন সোনার পাড়া গ্রামের যুবক মাহাবুবুল আলম(কাউসার)। প্রতিষ্ঠার পর থেকে নানামুখী সমাজ উন্নয়নমূলক কাজ উক্ত সংগঠন করে এসেছে। বর্তমানে উক্ত সংগঠনের সদস্য শতাধিক। ২০১৮ সাল থেকে ঊপকূলীয় অঞ্চলের ভরসার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন।

তাদের বাস্তবায়িত কাজের মধ্যে অন্যতম হলো, প্রতি বছর গড়ে ১ হাজার ব্যাগ বিনামূল্য রক্তদান ও ২ হাজার ব্যাগ রক্ত ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, স্টেশন ও নানা গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী, বিভিন্ন উৎসবে বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ ইত্যাদি।

করোনা কালীন সময়ে উক্ত সংগঠন প্রায় পাঁচ শতাধিক মানুষের বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার পাশাপাশি, খাদ্যের সংকটে থাকা নিম্ন আয়ের শতাধিক পরিবারের দ্বারপ্রান্তে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলো।

প্রতি বছর বৃক্ষরোপন অভিযান পরিচালনা করে জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে এই সংগঠন। নিয়মিত সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান তাদের উল্লেখ্যযোগ্য নিয়মিত কর্মসূচী। প্রতিটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের পাশাপাশি সমাজের যুবক, কিশোর-কিশোরীদের নানা ধরণের প্রশিক্ষণ প্রদান করে ইতোমধ্যে উখিয়া উপজেলায় সুনাম কুড়িয়েছে উক্ত সংগঠন। সর্বোপরি সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনন্য ভূমিকা পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন।

জয় হোক মানবতার, সফল হোক মানবতাকামী মানুষ।