
অনলাইন ডেস্কঃ
ভয়াবহ খরার ফলে সৃষ্ট খাদ্যাভাবের প্রভাবে ইথিওপিয়ার উত্তর টাইগ্রে ও আমহারা অঞ্চলে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। তাছাড়া খাদ্যের অভাবে ওই অঞ্চলের প্রায় চার হাজার গবাদিপশুও মারা গেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ইথিওপিয়াকে খাদ্য সহায়তা দেওয়া স্থগিত করার পর এ মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাইগ্রের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যালয়ের মতে, ৪৬ জন বাস্তুচ্যুত মানুষ এরই মধ্যে খরার কারণে বাড়ি ছাড়ার পর মারা গেছে। কার্যালয়ের প্রধান গেব্রেহিওত গেব্রেগজিয়াবার বলেছেন, ইয়েচিলা নামের একটি শহরে ওই মানুষদের মৃত্যু হয়েছে
টাইগ্রেতে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধ এক বছর আগে শেষ হয়েছে। এই অঞ্চলের মানুষরা এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারেননি। এরই মধ্যে আমহারায় আরেকটি সংঘাত শুরু হয়েছে। অন্যদিকে, আমহারায় খরার কারণে খাদ্যসংকটে কমপক্ষে ছয়জন ও চার হাজার গবাদিপশু মারা গেছে।


