print news || Dailydeshsomoy

প্রকাশিতঃ ২২ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে এক হাজারের মতো মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। ইরান দূতাবাস আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে বলে জানা গেছে।

দূতাবাসের তরফে বলা হয়েছে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিতে প্রস্তুত। আফগান সরকারের পক্ষ থেকে সাড়া পেলেই উদ্ধার ও ত্রাণকর্মীসহ মেডিকেল টিম পাঠানো হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ভূমিকম্পে হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ইরান সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদেরকে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আছে।

ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমিও শোক ও সমবেদনা জানিয়েছেন ভুক্তভোগীদের প্রতি। তিনি বলেছেন, ইরান অন্যান্য মানবিক ইস্যুতে আফগানদের পাশে ছিল, এবারও থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

গতবছর ৩১ আগস্ট ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তান ছাড়ার পর দেশটির শাসনভার তুলে নেয় তালেবান সরকার। এখনও দেশটির অর্থনীতি ভঙ্গুর। চরম খাদ্য সংকটে দেশটির বহু মানুষ। এর মাঝেই ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে পড়লো দেশটি।

সূত্রঃ পার্সটুডে