print news || Dailydeshsomoy

প্রকাশিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে একই রাতে উপজেলা বিএনপির দুটি গুরুত্বপূর্ণ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে পৃথক সময়ে গফরগাঁও পৌর শহরের জামতলা মোড় এলাকায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয় এবং দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়ন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে দুর্বৃত্তরা পৃথক সময়ে কার্যালয় দুটিতে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে চিকিৎসক ও বিএনপি নেতা ডা. মোফাখখারুল ইসলাম রানা অভিযোগ করে বলেন, গফরগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতা ও তাণ্ডব চলছে। এসব কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

অন্যদিকে বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন। তবে দলের প্রতি তাঁর ভালোবাসা ও আবেগ রয়েছে। দলীয় কার্যালয় এভাবে পুড়ে যেতে দেখে তিনি ব্যথিত। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দলের নেতৃত্বকে আরও দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এদিকে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আত্মগোপনে থাকা এক যুগ্ম আহ্বায়ক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দাবি করেন, এ ঘটনার পেছনে দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে। তাঁর মতে, ডিসেম্বরকে কেন্দ্র করে আলোচনায় আসার উদ্দেশ্যে আওয়ামী লীগের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার দলীয় কোন্দল থেকেও এমন ঘটনা ঘটতে পারে। তবে তাঁর এ বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গফরগাঁওয়ের একজন জ্যেষ্ঠ সাংবাদিকের দাবি, বিএনপি নেতাদের আশ্রয়ে থাকা আওয়ামী লীগের লোকজন এ ঘটনায় জড়িত থাকতে পারে। তবে এ অভিযোগেরও স্বাধীন কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের কেউ কেউ অভিযোগ করছেন, ক্ষমতাসীন দলের নেতাদের আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের প্রতি পক্ষপাতমূলক আচরণ ও স্বজনপ্রীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য স্পষ্ট নয়।

একই রাতে দুটি গুরুত্বপূর্ণ দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অভ্যন্তরীণ বিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে। তবে তদন্তের আগে ঘটনার সঙ্গে কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীকে দায়ী করা যাচ্ছে না।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে পারবে? নাকি বিএনপির স্থানীয় নেতৃত্ব, বিশেষ করে সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু, আরও দৃঢ় ভূমিকা নিয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেবেন?

গফরগাঁওয়ের সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিহিংসা, অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি দেখতে চায় না। তারা চায়, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃত অপরাধীরা শনাক্ত হোক এবং এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক।