
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট:
লালমনিরহাটের আদিতমারীতে দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া (৪৫) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আমিনুল ইসলাম (৪০) নামের মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার মমিনের গ্যারেজ নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পিপলু মিয়া আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি স্থানীয় ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন। আহত আমিনুল ইসলামকেও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে পিপলু মিয়া ও আমিনুল ইসলাম গন্তব্যের দিকে রওনা দেন। পথিমধ্যে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মমিনের গ্যারেজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক তাদের সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাবেক সেনাসদস্য পিপলু মিয়া প্রাণ হারান। এ সময় মোটরসাইকেলচালক আমিনুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক ড্রাম ট্রাকটিসহ এর চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



