print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট:

লালমনিরহাটের আদিতমারীতে দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া (৪৫) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আমিনুল ইসলাম (৪০) নামের মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

​মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার মমিনের গ্যারেজ নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত পিপলু মিয়া আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি স্থানীয় ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন। আহত আমিনুল ইসলামকেও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে পিপলু মিয়া ও আমিনুল ইসলাম গন্তব্যের দিকে রওনা দেন। পথিমধ্যে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মমিনের গ্যারেজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক তাদের সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাবেক সেনাসদস্য পিপলু মিয়া প্রাণ হারান। এ সময় মোটরসাইকেলচালক আমিনুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক ড্রাম ট্রাকটিসহ এর চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।