
প্রকাশিত
সুমন ইসলাম, রংপুর।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে হাসপাতালের প্রশাসনিক শাখাসংলগ্ন একটি বৈদ্যুতিক সুইচবোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের কারণে পুরো হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে সাময়িক বিঘ্ন ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক শাখার পাশের একটি সুইচবোর্ডে আগুন লাগে। কর্তব্যরত এক নার্স আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে সুইচবোর্ডের সার্কিট ব্রেকার ও বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ সময় চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ছয় ঘণ্টা মেরামতকাজ চলার পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার পর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ডায়ালাইসিসসহ জরুরি চিকিৎসাসেবার কার্যক্রম আবারও চালু হয়।
তবে হাসপাতালের প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে কাজ চলছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় কাজ চলছে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে গুরুত্ব তৈরি করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বৈদ্যুতিক সরঞ্জামের নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



