print news || Dailydeshsomoy

প্রকাশিত

**আইনাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে নাদিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী কাউসারের (২৬) বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাদিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নাদিয়ার সঙ্গে তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ির মনোমালিন্য চলছিল। বুধবার রাতেও তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। স্বজনদের অভিযোগ, ওই বিরোধের একপর্যায়ে নাদিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়।
ঘটনার পর স্বামী ও শাশুড়ি এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কী কারণে এবং কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।