
প্রকাশিত
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:
দৈনিক দেশ সময়.
চাঁদপুরের শাহরাস্তিতে নিজ চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে শাহরাস্তি পৌরসভা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস/এনএসপি)-এর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমের সঙ্গে তার দেবর শেখ রহমত উল্লাহর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে শনিবার রাতে রহমত উল্লাহ ও মরিয়ম বেগম একসঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকেই তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ রয়েছে।
প্রবাসী ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, “তাদের অবৈধ সম্পর্কের বিষয়টি আমরা আগেই বুঝতে পেরে শ্যালক ইব্রাহিমকে জানিয়েছিলাম। পারিবারিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার পরপরই তারা রাতের অন্ধকারে উধাও হয়ে যায়।”
রবিবার সকালে মরিয়মের দুই শিশুসন্তান—ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬)-কে সঙ্গে নিয়ে পরিবারের সদস্যরা থানায় আসেন। এ সময় মায়ের খোঁজে আসা দুই শিশুর কান্নাকাটিতে থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ বিষয়ে মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশীদ বাদী হয়ে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলের বউ ঘর থেকে নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



