print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে ছয়টি যানবাহনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে যানবাহন থেকে ১২টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ ছাড়া নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক অনাবৃত রাখার মাধ্যমে বায়ু দূষণ ঘটানোর দায়ে পাঁচটি ট্রাকের চালককে এক হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও অব্যাহত থাকবে।