
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
আজ ২৫ আগস্ট ইং লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট–রংপুর মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার এবং অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্নকারী যানবাহনের বিরুদ্ধে জেলা প্রশাসন, লালমনিরহাট, পরিবেশ অধিদপ্তর, আনসার ও পুলিশ বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করার অপরাধে ০৬টি যানবাহনের বিরুদ্ধে ০৬টি মামলা দায়ের করা হয় এবং মোট ৬,০০০/- (ছয় হাজার) টাকা নগদ জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ব্যবহৃত ১০টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয়।
বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মীর ফয়সাল আলী, জনাব মোঃ আল-আমিন এবং জনাব মোঃ মামুনুর রশীদ। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায়।
অভিযান পরিচালনায় পুলিশ ও আনসার সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শব্দ দূষণ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। বিশেষ করে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণের ব্যবহার শব্দ দূষণের অন্যতম কারণ। এ ধরনের দূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।



