print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

সামাজিক অপরাধ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং সচেতন সমাজ গঠনের লক্ষ্যে লালমনিরহাটে এক সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬–২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদের প্রথম প্রান্তিকে জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় আয়োজিত এ সমাবেশে সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম সম্পর্কে নারীদের অবহিত করা হয়। একই সঙ্গে বৈষম্যহীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নারীদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মাদকবিরোধী কার্যক্রম, অনলাইন জুয়া প্রতিরোধ, গুজব ও অপপ্রচার মোকাবিলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য অধিকার আইন বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন উন্নয়নের পথকে সুগম করে, তেমনি অপব্যবহার সমাজে নানা ধরনের সংকট সৃষ্টি করতে পারে। তাই সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে।
নারী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সচেতন সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ শেষে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।