
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট:
লালমনিরহাটে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চার মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস. এম. শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ৯৮ বোতল ফেনসিডিলসহ আটক চার আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের এ দণ্ডাদেশ প্রদান করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন। আদালতের এ রায়ের মাধ্যমে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং মাদক নির্মূলে বিচার বিভাগের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি মাদক কারবারিদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং সমাজে মাদক বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।



