print news || Dailydeshsomoy

প্রকাশিত

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি

গোপালগঞ্জের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে গোপালগঞ্জ পুরাতন স্টেডিয়াম (শেখ মনি স্টেডিয়াম) মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-২ গোলে হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা সমর্থক দল।

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল উপহার দেন। মাঠজুড়ে ছিল বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাস। গ্যালারিতে উপস্থিত দর্শকদের করতালি, উল্লাস ও উৎসাহে পুরো স্টেডিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন। অপরদিকে ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক ছিলেন মো. শরিফুল ইসলাম মোল্লা। নির্ধারিত সময়ের রুদ্ধশ্বাস লড়াই শেষে আর্জেন্টিনা ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।

ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ দেব রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ উভয় দলের হাতে সম্মানসূচক কাপ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রতিযোগিতার চেয়ে অংশগ্রহণ, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রেসক্লাব গোপালগঞ্জের নেতারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ বিনোদন ও সামাজিক বন্ধন দৃঢ় করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিলে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।

ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, ক্রীড়াপ্রেমী এবং নানা শ্রেণি-পেশার মানুষ। খেলা শেষে দুই দলের খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। প্রতিদ্বন্দ্বিতা ছিল মাঠের ভেতরে, কিন্তু মাঠের বাইরে ছিল ঐক্য, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য উদাহরণ।

আয়োজকদের ভাষায়, “খেলা হয়েছে মাঠে, আর বন্ধুত্বের গল্প চলবে প্রেসক্লাবে।”