
প্রকাশিত
আইনাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৬জুন ) মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি শনিবার পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে গফরগাঁও পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গফরগাঁও পৌরসভার প্রশাসক এন.এম. আবদুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পণ্ডিতপাড়া এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে রাস্তা-ঘাট, ড্রেন, জলাবদ্ধ স্থান ও ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত এলাকাগুলো পরিষ্কার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
এছাড়া সর্বসাধারণের সহজ যাতায়াত নিশ্চিত করতে একটি বিকল্প সড়ক পরিকল্পনার উদ্যোগ গ্রহণ করা হয়। পৌরসভার নকশা বহির্ভূত নির্মাণকাজ পরিচালনার অভিযোগে একটি স্থাপনার নকশার অতিরিক্ত অংশ তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আবদুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।



