
বিশেষ প্রতিনিধি, খাদিজা আক্তার রউজা গাজীপুর।
ডিসেম্বর ১৩, ২০২০ রবিবার
জাতীয়ভাবে শুরু হয়েছে ৯ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের জন্য হাম-রুবেলা টিকা দেওয়ার কর্মসূচি। তবে এই টিকা যাদের দেওয়ার কথা সেই স্বাস্থ্য সহকারীরা এখনও দাবি আদায়ের আন্দোলনে। এ অবস্থায় সারাদেশে বিকল্প উপায়ে হাম-রুবেলার টিকা দেওয়ার কাজ শুরু হলেও, দাবি না মানা হলে স্বাস্থ্য সহকারীরা এই কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। আবার কয়েকটি জেলায় নিজেদের বেতন বৈষম্য দূর করার দাবির পাশাপাশি জাতির পিতার ভাস্কর্যের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে যে প্রতিবাদ কর্মসূচি হয়েছে, সেই কর্মসূচিও পালন করেছেন তারা। এদিকে, সরকারিভাবে বলা হয়েছে, স্বাস্থ্য সহকারীদের সঙ্গে আলোচনা চলছে, তবে যদি তারা এই কর্মসূচিতে অংশ না নেন তাহলে বিকল্প উপায়ে হাসপাতালের নার্সসহ বিভিন্ন সেবাদানকারীদের সহায়তা নিয়ে টিকা দেওয়ার কাজ চালানো হবে।
গাজীপুর প্রতিনিধি জানান, একই দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন গাজীপুর জেলা শাখার নেতা কর্মীরা। শনিবার দুপুরে এ শাখা সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের গেইটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করে। সভায় শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমীরুজ্জামান, মমিনুর রহমান, ওসমান গনি, রফিকুল ইসলাম ও নাজমুল হোসেন প্রমুখ।


