
।
মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারজানা জুবাইদী সিমকী’র মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা নির্বাচন কমিশন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রস্তাবক ও সমর্থকের পাশাপাশি ১০০ জন ভোটারের সমর্থনের তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক।আর এই ১০০ জন ভোটারের তালিকায় উল্লেখিত দুই জন ভোটরের তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সিমকী’র মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
মেয়র পদে অন্য তিনজন প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মো. রমজান আলী, বিএনপি সমর্থিত মো. আতাউর রহমান আতা এবং স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহাম্মেদ যাদুর মনোনয়ন পত্র বৈধ হয়েছে। এছাড়া, সংরক্ষিত নারী ওয়ার্ডের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।
আগামী ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।


