
জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছেন র্যাব সদস্যরা।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অভিযানে গেলে সেখান থেকে গুলি ছোড়া হয়।
এরপর থেকে বাড়িটি ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি চলছে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
মহিউদ্দিন মিরাজ জানান, শনিবার রাজশাহীতে এক অভিযানে কয়েকজনকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে শাহজাদপুরে উকিলপাড়ার ওই বাড়িতে যায় র্যাবের একটি দল।
“তখন ওই বাড়ি থেকে র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়া হয়। তখন থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আরও র্যাব সদস্য এলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।”
ওই বাড়িতে কতজন আছেন, বা তাদের পরিচয় কী- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য মেলেনি। তবে তারা জঙ্গি বলে র্যাব কর্মকর্তাদের ধারণা।


