print news || Dailydeshsomoy

প্রকাশিত,১১, ফেব্রুয়ারি,২০২২

তপন দাস
নীলফামারী প্রতিনিধিঃ

গেল কয়েক দিনের বর্ষণে নীলফামারী সদরের খোকশাবাড়ী ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো কাঁদা জমেছে হাটু পরিমাণ। জনসাধারনের চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে রাস্তাগুলি আর এই বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নটির দু’টি ওয়ার্ডের হাজার হাজার বাসিন্দারা।

জানা যায়, খোকশাবাড়ী ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের মনাগঞ্জ বাজার থেকে বেলতলী বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুশরত গ্রোড়গ্রাম নিম্ব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় কাঁদা জমে আছে এক হাটু পরিমাণ। একই অবস্থা মনাগঞ্জ বাজার থেকে বেলতলী বাজার যাওয়ার রাস্তাটিতেও।

অনেকে অভিযোগ করে বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বার বার ধরণা দিয়েও সংস্কার না হওয়ায় কয়েক জন যুবক মিলে রাস্তায় ধানের চারা রোপন করতে দেখা গেছে।

জানতে চাইলে যুবকেরা বলেন, রাস্তায় গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেটে চলতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা বলছেন, হালকা বৃষ্টি হলেই এ রাস্তা গুলোতে কাঁদা জমে যায়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলেও এবিষয়ে কর্ণপাত করেন না তারা। এখন এই রাস্তায় ভ্যান কিংবা সাইকেল নিয়ে বের হওয়া তো দূরের কথা পায়ে হেটে চলাচলেও পিছলে পড়ে হাত-পা ভাঙ্গার ভয় করছেন তারা। তারা বলছেন, নিত্য-পন্য সামগ্রী কিনতে অনেক কষ্ট করে হাট বাজারে যেতে হচ্ছে তাদের।

এছাড়াও এলাকার লোকজন অসুস্থ হয়ে পড়লেও হাসপাতালে নিতে অনেক কষ্ট হয় এমনকি রোগীকে কোলে করে নিতে হচ্ছে।

কথা হলে ভ্যান চালক বলেন, বর্ষায় এ রাস্তায় একদমে চলাচল করা যায় না। এতে পায়ে হেটে ভ্যান নিয়ে যেতে অনেক কষ্ট পেতে হয়।

পথচারী আবূ সাইয়েদের সাথে কথা হলে তিনি বলেন, ২ ও ৩নং ওয়ার্ডের চলাচলের একটি মাত্র পথ এটি। এই রাস্তা দিয়ে অনেক কষ্ট করে চলতে হয়। সামান্য বৃষ্টি হলে রাস্তায় জমে থাকে বৃষ্টির পানি যার ফলে কাঁদায় সৃষ্টি হয়। তিনি বলেন এই রাস্তাটা সংস্কার করা হলে ২নং ওয়ার্ডের মানুষের চলাচলের ভোগান্তি লাঘব হবে।

স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের স্কুল-কলেজ যাওয়ার একমাত্র রাস্তা এটি কাঁদার কারনে পায়ে হেটে যেতে অনেক কষ্ট হচ্ছে, এছাড়াও রাস্তায় পিছলে পড়ে কাপড় নষ্ট হয়ে যাওয়াতে অনেককে কেঁদে কেঁদে বাড়িতে ফিরছে হচ্ছে।

রাস্তার সংষ্কার কাজের বিষয়ে জানতে চাইলে, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান বলেন, রাস্তাটি কয়েকবার সংস্কার করা হয়েছে। মাটির রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টি হলে কাঁদা জমে যায়। মাটির অভাবে রাস্তাটির সংস্কার করতে সমস্যা দেখা দিয়েছে। তবে মাননীয় এমপি মহাদয়ের কাছে এই রাস্তাটুকু পাকা করার জন্য দরখাস্ত দেয়া হয়েছে।