
অনলাইন ডেস্ক,
আগামী প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা না করলে করোনাভাইরাস মহামারিতে আরও বহু মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার ডেলাওয়ারে শ্রমিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সমন্বয় দরকার। ট্রাম্পের সহায়তা ছাড়া আগামীতে তার নেতৃত্বাধীন প্রশাসনের দ্রুত ভ্যাকসিন বিতরণের সক্ষমতা ক্ষতিগ্রস্থ হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিজের পরাজয় মানতে ট্রাম্পের অস্বীকৃতিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ আখ্যায়িত করেছেন বাইডেন। ওদিকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ‘এটা কোনো খেলা নয়’। প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের সংগ্রহে এখন পর্যন্ত ৩০৬ ইলেক্টোরাল ভোট আছে যদিও তার দরকার ছিল ২৭০। তবে ট্রাম্প সোমবারও টুইট করেছেন, ‘আমি নির্বাচনে জিতেছি’।
advertisement
গত ৩ নভেম্বরের নির্বাচন নিয়ে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে একের পর এক মামলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নানা রাজ্যে। নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ সম্পর্কিত প্রক্রিয়া যে প্রতিষ্ঠান করে থাকে সেই দি জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশন (জিএসএ) এখনো জো বাইডেন ও কমলা হ্যারিসের জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলে তারা এখনো স্পর্শকাতর তথ্য বা গোয়েন্দা ব্রিফিং পেতে শুরু করেননি।
বাইডেনের সহকারীরা বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ট্রাম্পের অংশগ্রহণে অস্বীকৃতির কারণে করোনাভাইরাসের টিকা বিতরণ কৌশল নিয়ে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় বাইডেনের টিম অংশ নিতে পারছে না।
advertisement
সোমবারের বক্তৃতায় বাইডেন সতর্ক করে বলেছেন, ‘আমরা সমন্বয় না করলে আরও মানুষ মারা যেতে পারে’।
দেশজুড়ে টিকা বিতরণকে একটি বড় কর্মযজ্ঞ আখ্যায়িত করে নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, যদি তার প্রশাসনকে শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং ততদিন যদি এই বিতরণ কর্মসূচি শুরু হতে না পারে তাহলে তারা অন্তত এক মাস পিছিয়ে যাবেন।
পরাজয় মানতে কি ট্রাম্পের ওপর চাপ বাড়ছে?
জো বাইডেন জিতেছেন এটি নিশ্চিত হওয়ার পরেই এখনো পর্যন্ত পরাজয় স্বীকার করতে রাজী হননি ডোনাল্ড ট্রাম্প। যদিও দিনে দিনে উভয় দল থেকেই তার ওপর চাপ বাড়ছে। সোমবার রিপাবলিকানরাই কয়েকটি রাজ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে করা মামলা পরিত্যাগ করেছেন। রাজ্যগুলো হলো- মিশিগান, জর্জিয়া, পেনসিলভানিয়া ও উইসকনসিন। এসব রাজ্যে বাইডেন জয়লাভ করেছেন।
উইসকনসিনের ইলেকশন কমিশন সোমবার বলেছেন, ট্রাম্প যদি চান তাহলে তার শিবিরকে ওই রাজ্যে ভোট পুনঃগণনার জন্য আট মিলিয়ন ডলার শোধ করতে হবে।
ওদিকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ইন্সটাগ্রামে সব আমেরিকানকে বিশেষ করে জাতীয় নেতাদের নির্বাচন প্রক্রিয়াকে সম্মান করা ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।


