
প্রকাশিত,১৮, ডিসেম্বর,২০২১
মাসুদ রানা রাব্বানী, রাজশাহীঃ
মহান বিজয় দিবস উপলক্ষে আরএমপি’র উদ্যোগে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী রাজশাহী অঞ্চলের বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩৯ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে এবং ৫ জন শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। জীবন বাজি রেখে তাঁরা যুদ্ধ করেছেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
তিনি আরও বলেন, রাজশাহী পুলিশ লাইন্সে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহ্বানে সাড়া দিয়ে রাজশাহী’র পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে। ১৯৭১ সালের ২৫ মার্চ হতে ২৭ মার্চ তিন দিন রাজশাহী পুলিশ লাইন্স হতে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হয়। সেই যুদ্ধে একসাথে ১৮ জন পুলিশ সদস্য পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন। এছাড়াও পুলিশের সর্বোচ্চ পর্যায়ে দুযই জন উর্ধ্বতন কর্মকর্তাকে ধরে নিয়ে যায় পাক হানাদার বাহিনী। তারাও শহীদ হন। মুক্তিযুদ্ধ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের শহীদ হওয়ার ঘটনা রাজশাহীতেই ঘটেছে।
মহান মুক্তিযুদ্ধে রাজশাহী’র পুলিশ সদস্যদের এই বীরত্বগাঁথা স্থায়ীভাবে ধরে রাখতে খুব শীঘ্রই পুলিশ লাইন্স গণকবরের পাশে একটি মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর স্থাপন করা হবে। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে একটি বই প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের শুভেচ্ছা উপহার এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনেকেই এই মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার সংগ্রামের প্রত্যক্ষ ঘটনাবলী স্মৃতিচারণ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ আরএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
রাজশাহীতে ভারতীয় নাগরিকের মৃত্যু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাগমারায় উত্তম বিশ্বাস (৪০) নামে এক ভারতীয় নাগরিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেওখালি এলাকায় তার মৃত্যু হয়।
উত্তম বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার নীলকান্ত বিশ্বাসের ছেলে। তার পূর্ব পূরুষ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা। এক বছরের ভ্রমণ ভিসায় গত ২১ অক্টোবর বাংলাদেশে বেড়াতে আসেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বাগমারার তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে চেওখালি এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলের বিয়ে হয়েছে। সেই সুবাদে উত্তম বিশ্বাসের সঙ্গে তাদের পরিচয়।
বাংলাদেশে এসে সাইফুল ইসলামের বাড়িতে উঠেন উত্তম বিশ্বাস। শুক্রবার রাতে বাড়ির পাশের মুরগির খামার সংলগ্ন ঘরে অতিথিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন সাইফুল। সেখানেই মারা যান উত্তম। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই ভারতীয় নগরীক। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওই এসআই।
রামেকে করোনায় এক নারীর মৃত্যু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯টায় রামেকের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। মৃত ওই নারী পাবনা জেলার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী । তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। করোনা সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে রামেকের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৯ জন। বর্তমানে রাজশাহীর ১০ জন, নওগাঁর চারজন, নাটোরের দুইজন, পাবনার দুজন এবং কুষ্টিয়ার একজন করোনা রোগী ভর্তি রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন একজন। তবে গত ২৪ ঘন্টায় কোন রোগী সুস্থ হয়ে হয়ে হাসপাতাল ছাড়েননি।
বর্তমানে রাজশাহীতে করোনা সংক্রমণের হার যথাক্রমে ১ দশমিক ৪৩ শতাংশ।
মাসুদ রানা রাব্বানী
রাজশাহী-
১৮-১২-২০২১


