
প্রকাশিত,২৭, আগস্ট,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসী যুবককে পিটিয়ে হত্যার আসামি ঘাতক পিতা ইসহাক ঢালী(৫৫)কে গ্রেফতার করেছে পাগলা থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসহাক ঢালী উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে খুন হওয়া প্রবাসী শারফুল ঢালীর জন্মদাতা পিতা ।
উল্লেখ্য, দীর্ঘ আট বৎসর লেবাননে চাকরি করে আইয়ের সকল টাকা বাবার কাছে পাঠিয়েছেন প্রবাসী শারফুল। দেশে এসেছেন মাত্র চার থেকে পাঁচ মাস পূর্বে। প্রবাসে আয়ের হিসাব নিয়ে পিতা-পুত্রের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঝগড়ার একপর্যায়ে পিতা ইসহাক ঢালী, মা হোসেনা আরা ও ছোট ভাই আশরাফুল ঢালী লোহার রড ও শাবল দিয়ে শারফুল ঢালীর মাথায়, পা ও বুকে এলাপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে প্রায় অর্ধমৃত অবস্থায় বসতঘরে তালাবন্ধ করে রাখে।
শারফুল ঢালীর চিৎকারে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করতে গেলে ইসহাক ঢালী, হোসনে আরা, আশরাফুল ঢালী ধারালো অস্ত্র নিয়ে এলাকাবাসীকে ধাওয়া করে। ওই দিন বিকালে খবর পেয়ে পাগলা থানা পুলিশ শারফুল ঢালীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শারফুল ঢালীর মৃত্যু হয়।
পরে এ ঘটনায় নিহতের ছোট বোন শেফালী আক্তার বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইসহাক ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী নিশংস হত্যার খুনিদের আইনানুগ শাস্তি দাবি করেন।


