
প্রকাশিত,২৪, আগস্ট,২০২১
আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
আফগানিস্তানের নতুন অর্থ মন্ত্রী-মেয়র-গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে তালেবান।
আফগানিস্তানের নতুন অর্থমন্ত্রী, অন্তবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে তালেবান। আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, আল জাজিরা।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে গুল আগা, অন্তবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম এবং গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নাজিবুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মুল্লাহ শিরিন রাজধানী কাবুলের গভর্নর এবং হামদুল্লাহ নোমানি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান। সংগঠনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানভিত্তিক আফগান ইসলামিক প্রেসকে (এআইপি) জানিয়েছেন, দ্য আফগানিস্তান ব্যাংকের নতুন গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক ঘোষণায় জানান যে, খুব শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম শুরু হবে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে নয়শ কোটি ডলারের সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। তারপর থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল।
সে সময় মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, মার্কিন রাজস্ব দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় এখনও নাম রয়েছে তালেবানের। এ কারণে তারা আফগানিস্তানে সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনও সম্পদ বা সম্পত্তির নাগাল পাবে না।
তালেবানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া ইদ্রিস উত্তরাঞ্চলীয় জাওযান প্রদেশের। আর্থিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।


