
প্রকাশিত, এপ্রিল ১২, ২০২১
অনলাইন ডেস্ক ঃ
১৪ এপ্রিল থেকে সব অফিস বন্ধ, কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা
আগামী ১৪ এপ্রিল থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিতসহ বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধের সময় এ সব অফিসের কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।
তবে বিমান, নৌ ও স্থলবন্দর এবং সংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এমন নিষেধাজ্ঞা দিয়ে সোমবার (১২ এপ্রিল) আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। এ সময় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা থাকবে জরুরি সেবার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো।
স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প কলকারখানা।
প্রজ্ঞাপনে বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জরুরি পরিসেবা, যেমন- কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থল, নদী ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, লকডাউনের সময় সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।


