
ময়মনসিং জেলা প্রতিনিধঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে (গত ২৪ ঘণ্টায়) আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৪ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে) করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন ময়মনসিংহের। এছাড়া নেত্রকোনা ও শেরপুরের একজন করে। এই সময়ে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে- ময়মনসিংহের ৭ জন, নেত্রকোনার ৩ জন, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলের একজন করে।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ জন।
এদিকে জেলায় ৬০০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ১৩৯ জনের। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ২৩ দশমিক ১৬ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।


